অভাবের তাড়নায় ৩০ হাজারে শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও পারিবারিক অসচ্ছলতার কারণে ১৫ মাস বয়সি এক শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আপাতত শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে এ ঘটনায় সংশ্লিষ্ট দুপক্ষকে হাজির করা হয়।
এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানান, বিয়ের পর থেকে তার স্বামী ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। এতে সংসারে আর্থিক সংকট দেখা দেয়। একপর্যায়ে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। চরম অসহায়ত্ব ও অভাব-অনটনের কারণে শিশুটিকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাটের মোংলা উপজেলার এক নারী শিশুটিকে নিয়েছিলেন।
শিশুটির নানা জানান, তিনি নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত এবং নিজের চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় মেয়ে ও নাতির ভরণপোষণের দায়িত্ব নেওয়াও তার পক্ষে কঠিন।
শিশুটির মা বলেন, তিনি জটিল রোগে আক্রান্ত। অভাবের সংসারে সন্তানকে কী খাওয়াবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। শিশুটি যেখানে ভালো থাকবে, সেখানেই তাকে দিতে চান বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রির কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়ায় শিশুটিকে নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

