বিএনপি নেতাকে হত্যার পর খুলনায় এবার দুই বন্ধুকে কুপিয়ে জখম

একের পর এক সহিংস ঘটনায় অস্থির হয়ে উঠছে খুলনা। বিএনপি নেতা শেখ জাকির হোসেনকে গুলি করে হত্যার এক দিন না পেরোতেই এবার নগরীর ডিআইজি মাঠ এলাকায় দুই বন্ধুকে কুপিয়ে যখম করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) ও আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তারা দুজন বন্ধু। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাদের পথ আটকে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। হামলায় মিনারুলের দুই পা এবং বুকে গভীর ক্ষত হয়েছে। ইয়াছিনের ডান হাতের কব্জি গুরুতর জখম হয়েছে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মিনারুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিরাপত্তাহীনতার কারণে আহত দুই তরুণের পরিবারের সদস্যরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।