ঘুমন্ত অবস্থায় শরীরে ঢালা হয় গরম পানি, বাঁচানো গেল না সেই কিশোরীকে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফোন চুরির অপবাদে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছরের কিশোরী আফরিনকে বাঁচানো গেল না। টানা ৪৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফরিন সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁওয়ের কান্দাপাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
পরিবার ও মামলার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর একটি বাটন মোবাইল ফোন চুরির অপবাদে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন প্রতিবেশী মামা জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া। এতে তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী সময়ে বাড়িতেও তার চিকিৎসা চলছিল। তবে দীর্ঘ ৪৮ দিন চিকিৎসা ও মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানতে হয় আফরিনকে।
এ ঘটনায় আফরিনের পরিবারের পক্ষ থেকে ওই সময় সোনারগাঁও থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জাকির হোসেন ও সোনিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় আগে থেকেই শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। ওই মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। আজ কিশোরীর মৃত্যুর পর নতুন করে মামলায় হত্যাসংক্রান্ত ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।