logo

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
সাতক্ষীরার তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী অপহরণের অভিযোগে আটক পুলিশ কনস্টেবল ও তার সহযোগী। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) তালা থানায় মামলা দায়ের করা হয়।

আটকরা হলেন পুলিশ কনস্টেবল মো. সোহেল আহম্মেদ এবং তার সহযোগী মতিউর হোসেন মোরসালিন। কনস্টেবল সোহেল যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অন্যদিকে মতিউর তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে এবং তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার সাতক্ষীরার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তার সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের একটি দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার দোকানে প্রবেশ করেন। একপর্যায়ে তারা কাশেমের হাতে হাতকড়া পরিয়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে তার স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনাটি জানার পর কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।