logo

গাজীপুর সিটির আট জোনে চলবে ৮ রঙের ই-রিকশা

গাজীপুর সিটির আট জোনে চলবে ৮ রঙের ই-রিকশা
সড়কে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় জোনভিত্তিক আলাদা রঙের ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবার আটটি জোনে ভাগ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন। প্রতিটি জোনে চলাচলকারী রিকশার জন্য নির্ধারণ করা হবে আলাদা রং। নির্দিষ্ট জোনের বাইরে অন্য জোনে এসব রিকশা চলাচল করতে পারবে না। এ জন্য ই-রিকশার সংখ্যা নির্ধারণ ও নিবন্ধনের প্রস্তুতি শুরু করেছে সিটি করপোরেশন।

সম্প্রতি সরকার সিটি করপোরেশন এলাকায় ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ জারি করে। গত ২৯ অক্টোবর জারি করা এ বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় কার্যকর হয়েছে। এর আলোকে অন্যান্য সিটি করপোরেশনের মতো গাজীপুরেও ই-রিকশা নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

গেজেট অনুযায়ী, দুজন ধারণক্ষমতাসম্পন্ন রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চারজন ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। আদায়কৃত এই অর্থ সিটি করপোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। সিটি করপোরেশনের পক্ষ থেকে চালককে বিনা মূল্যে বিস্তারিত তথ্যসহ কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট দেওয়া হবে, যেখানে চার্জিং গ্যারেজের বিস্তারিত তথ্যও সংযুক্ত থাকবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে জোনে ভাগ করে আলাদা রঙের রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিধিমালা অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাবিষয়ক শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ নিতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি করপোরেশনের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের আবেদন করা যাবে। নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য থাকবে স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না।

এ বিষয়ে রিকশাচালকেরা বলছেন, তারা সরকারি নিয়ম মেনে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গাড়ি চালাতে চান। নির্দিষ্ট জোন ও আলাদা রঙের ব্যবস্থা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার সংখ্যা কমবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, আমাদের সব প্রস্তুতি রয়েছে। তবে আমাদের এখান থেকে নিবন্ধন নেওয়ার আগে বুয়েট থেকে ফিটনেস এবং ট্রাফিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। এগুলো আনলে ৩০ দিনের মধ্যে আমরা লাইসেন্স দিয়ে দেব।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, চলতি সপ্তাহে ই-রিকশার লাইসেন্স কার্যক্রম শুরু হচ্ছে না। আগামী সপ্তাহে এ কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নিবন্ধন ও লাইসেন্সের কাজ এগিয়ে নেওয়া হবে।