logo

মেহেরপুরে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা

মেহেরপুরে ৬টি বোমাসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা
মেহেরপুরের গাংনীতে উদ্ধারকৃত বোমাসদৃশ বস্তু। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা থেকে সকাল ৭টার মধ্যে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ও বলতলা ব্রিজ এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে আরও তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে। এই তিনটির মধ্যে দুটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

পৃথক দুটি স্থানে একই ধরনের বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।