মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
-1f0c8d-720x405.webp)
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে পৃথক তিনটি বাড়ির সামনে থেকে ‘জয় বাংলা’ লেখা তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। সাদা কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’। সকালে বাড়ির সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সদর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামের মুজাহারের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমিন এবং আইব নবীর রহমানের বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। তবে রাতের আঁধারে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
এর আগে, মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের পৃথক দুটি স্থানে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত পরীক্ষা করে সেগুলো পটকা বলে জানিয়েছিল।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এশিয়া পোস্টকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রকৃতি নিশ্চিত হতে তদন্ত চলছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











