টুঙ্গিপাড়া সরকারি কলেজে আগের নামের ব্যানার টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের বর্তমান নাম পরিবর্তন করে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের দাবি জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ দাবিতে কলেজ ক্যাম্পাসের দেয়ালে আগের নাম লেখা একটি ব্যানারও টাঙিয়েছেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। পরে তারা কলেজের দেয়ালে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নেতাকর্মীরা বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অন্তর্বর্তী সরকারের দেওয়া। তারা দাপ্তরিক কাজে আগের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহারের জন্য অধ্যক্ষকে বলেন। পাশাপাশি কলেজের যেসব স্থানে বর্তমান নাম লেখা রয়েছে, সেগুলো পরিবর্তনের দাবিও জানান।
এদিকে সকাল থেকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফাবাজার মোড়, রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়ে অবরোধ চলছে। অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলতে দেওয়া হচ্ছে। অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে আগের নামের ব্যানার টাঙিয়েছেন। এ ছাড়া দাপ্তরিক সব কাজে আগের নাম ব্যবহার এবং যেসব স্থানে ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ লেখা আছে, সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তারা কোনো ধরনের ভাঙচুর করেননি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ তাকে কিছু জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তিনি।






