logo

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ৭ স্থানে অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও খুঁটিতে বাঁধা মাইক। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ করে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অবরোধ বুধবার সকালেও চলছিল।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে সড়ক আটকে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ চলছে। তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

Advertisement

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে পুলিশের হামলা ও অগ্নিসংযোগে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশের এলাকা থেকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা স্থানীয় কয়েকজন তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ।

এদিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।