সীমান্তের ওপারের পাতা ফাঁদে পা দেবেন না, গোপালগঞ্জবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারের পাতা ফাঁদে পা না দিতে গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন। কিছু দুষ্কৃতিকারী, সীমান্তের ওপাড় থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এসব কথা বলেন।
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এগুলো আওয়ামী চরিত্র। তাদের মধ্যে সভ্যতা নেই, ভব্যতা নেই, ভদ্রতা নেই, গণতন্ত্র নেই। তাদের চরিত্রে কেবল আছে স্বৈরাচার, ফ্যাসিবাদী আচরণ। এগুলো তারা করেই যাবে।’
মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আক্রমণের বিষয় তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতিকারীরা যদি ভাবে, তাদের ভিডিও রেকর্ড, ফুটেজ আমাদের কাছে নেই, তারা ভুল করবেন। যারা থানায় হামলা করেছে, গাড়ি জ্বালিয়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে; আজ অথবা কাল প্রত্যেকটা দুষ্কৃতিকারীকে শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।’
যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলা চেষ্টার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তার (নাহিদ ইসলাম) ওপরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী সন্ত্রাসী হামলার চেষ্টা করছে। আমরা সংসদ থেকে এর গভীর নিন্দা জানাই। ওই দেশে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দূতাবাস এবং সেই দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’







