টুঙ্গিপাড়ায় সড়কে সড়কে অবরোধ, থমথমে পরিস্থিতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও উত্তেজনা কাটেনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া পরিস্থিতির জেরে বুধবার (১৮ নভেম্বর) সকালেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের মোড়ে অবরোধ দেখা গেছে। এতে ঢাকা-পিরোজপুর, ঢাকা-টুঙ্গিপাড়া ও টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করা হয়।
অবরোধের জন্য কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকা পড়ছেন। কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অধিকাংশ এলাকায় বড় ধরনের কোনো মিছিল দেখা যায়নি। তবে সকাল ১০টার পর পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, স্লোগান ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে মঙ্গলবার রাতের সহিংসতায় টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় যানবাহন ও সরকারি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের বের করে নেওয়ার ঘটনা ঘটে।
থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়ক অবরোধের কারণে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অবরোধ অপসারণ, যান চলাচল স্বাভাবিক করা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।





