logo

টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিয়ে গেছে আ.লীগ কর্মীরা

টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিয়ে গেছে আ.লীগ কর্মীরা
আগুনে পুড়ছে টুঙ্গিপাড়া থানার গাড়ি। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে কিছু অংশে আগুন দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতর ঢুকে ভাঙচুর চালিয়ে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিয়ে গেছে দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ার খবর পাওয়া গেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালায়। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। থানায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পুলিশের চারটি গাড়িতে আগুন দেয় হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার নেতাকর্মীদের থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।

এদিকে হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুরের খবর শুনেছি। অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে খবর পেয়েছি।