স্কুলে শেখ মুজিব-হাসিনার ছবি টাঙিয়ে দিল নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি উচ্চবিদ্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিদ্যালয় প্রাঙ্গণে স্লোগানও দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। এ সময় বিদ্যালয়ের মাঠেও কিছুক্ষণ স্লোগান দেন। পরে তারা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার জানান, ছুটিতে থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। তবে দুপুরে জানতে পারেন, ছাত্রলীগ নেতা জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে হবে।





