logo

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির ফটক খুলে নেতাকর্মীদের শপথ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির ফটক খুলে নেতাকর্মীদের শপথ
বঙ্গবন্ধুর সমাধিসৌধের ফটক খুলে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় দুই বছর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয় খুলেছেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ফটক খুলে সেখানে শপথ নিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌর শাখার সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা কার্যালয়ে বিভিন্ন স্লোগান দেন।

এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে যায়। সেখানে তিনটি ফটক খুলে নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা একত্রিত হয়ে দলীয় কার্যালয় খুলেছি, যাতে নেতাকর্মীরা কার্যালয়ে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ।

বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া
বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : ভিডিও থেকে নেওয়া

তিনি আরও বলেন, এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে বঙ্গবন্ধুর সমাধি ও উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এই সমাধি ও দলীয় কার্যালয় আজ থেকে সবার জন্য উন্মুক্ত। এই টুঙ্গিপাড়া থেকেই সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা হবে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যে জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।