গোপালগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ সদর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে বাবুল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল বিশ্বাস পাশের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে সিঁধ কেটে চুরির চেষ্টা করেন বাবুল। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। পরে বিক্ষুব্ধ লোকজন তাকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় গ্রাম পুলিশ গৌতম জানান, খবর পেয়ে বাবুলকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, চুরি করতে গেলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। তবে কে বা কারা মেরেছে, তা বলতে পারব না।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

