logo

শিক্ষার্থী আজমুল হত্যা/পলাতক আসামিদের গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি পরিবারের

পলাতক আসামিদের গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি পরিবারের
শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান। ছবি : এশিয়া পোস্ট

ভাত খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন (আযম) হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও এখনও অধরা মামলার এজাহারভুক্ত চার আসামি। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

গ্রেপ্তার পাঁচজনের প্রত্যেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে বাদীপক্ষ। তাদের মধ্যে একজন জামিনে রয়েছেন। এ অবস্থায় জামিনে থাকা আসামির জামিন বাতিল, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকা শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান।

তিনি বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আজমুল হোসেনকে নির্যাতন করা হয়। তার মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করা হয়। এরপর মারধর করে একপর্যায়ে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হরিণটানা থানায় এজাহারভুক্ত চারজন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

লিখিত বক্তব্যে কাজী নাজমুল হাসান বলেন, মামলাটি দায়েরের পর থেকে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রত্যেকেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের ভূমিকা নির্ধারণে এসব জবানবন্দি তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর একজন আসামি গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারভুক্ত চার আসামি এবং অজ্ঞাতনামা অন্য আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজন মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তী জামিনে রয়েছেন।

তিনি আরও বলেন, সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে ১৫ নভেম্বর আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের পক্ষে খুলনার মহানগর দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিস মামলার মাধ্যমে জামিনের আবেদন করা হয়। ওই আবেদনের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী হিসেবে তারা জোরালো বিরোধিতা করেন এবং আদালতে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। উভয় পক্ষের বক্তব্য ও সার্বিক বিষয়াদি বিবেচনা করে আদালত ওই দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী বলেন, মামলার তদন্ত এখনো শেষ হয়নি। হত্যাকাণ্ডে কারা সরাসরি নির্যাতনে অংশ নিয়েছে, কারা আজমুলকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত এবং কারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা কিংবা সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে, তা নিরপেক্ষভাবে উদ্‌ঘাটন করা জরুরি। গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করতে হবে।

তিনি বলেন, আসামিরা জামিনে মুক্ত হলে মামলার সুষ্ঠু তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে মামলার সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। তাই যে আসামি জামিনে রয়েছেন, তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর পাশাপাশি এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছে পরিবার। একই সঙ্গে নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিহতের বাবা কুতুব উদ্দিন মোবাইল ফোনে এশিয়া পোস্টকে ছেলের হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ছেলেকে হারানোর পরও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার হতে দেখছেন না।

তার অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এমন একজন আসামি জামিন চাওয়ায় তিনি উদ্বিগ্ন। তার ছেলেকে হত্যার ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।

তিনি বলেন, ছেলেকে দাফনের পরদিনই একজনের কাছ থেকে জানতে পারেন, মেহেদি নামের এক ব্যক্তি তার ছেলের কাছ থেকে যাওয়ার সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৩ হাজার টাকা নিয়েছিলেন। বিষয়টি জানার পর তিনি পুলিশকে অবহিত করেন এবং ওই ব্যক্তির নাম মামলার এজাহারে রয়েছে কি না, জানতে চান। তার ভাষ্য অনুযায়ী, তখন তাকে জানানো হয়, এজাহারে ওই ব্যক্তির নাম নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করেন।

কুতুব উদ্দিনের অভিযোগ, তদন্তের শুরুতে কারা তার ছেলেকে হত্যা করেছে, সে বিষয়ে তার নিজেরও স্পষ্ট ধারণা ছিল না। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এজাহারে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। অথচ গ্রেপ্তার হওয়া একজন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তার প্রশ্ন, একজন আসামি হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করার পরও সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে এত বিলম্ব হচ্ছে কেন?

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে চেষ্টা করলে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তার মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি বলেন, আমার তো একমাত্র আশা আল্লাহর ওপর। হয়তো বিচার পাব না, এমন আশঙ্কাও হচ্ছে। আমার ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার ছেলেকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তার ছেলে অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিল। এভাবে একজন তরুণ শিক্ষার্থীর মৃত্যু কোনো পরিবারের জন্যই মেনে নেওয়া সম্ভব নয়। তিনি চান, তার ছেলের হত্যার বিচার হোক এবং ভবিষ্যতে আর কোনো বাবাকে যেন এভাবে সন্তান হারাতে না হয়। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা একটু খেয়াল করবেন, চেষ্টা করবেন, আমার ছেলের বিচার যেন হয়। আমার মতো আর কারও সন্তান যেন এভাবে হত্যার শিকার না হয়।

মামলার তদন্তের অগ্রগতি ও আসামিদের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারে শুধু একটি সংস্থা নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। এনআরবি, ডিবি, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ, শিগগিরই সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

সংবাদ সম্মেলনে কাজী নাজমুল হাসান বলেন, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের প্রতি আস্থাশীল। তবে দীর্ঘদিন ধরে এজাহারভুক্ত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে।

তিনি বলেন, এই মামলায় আমাদের প্রত্যাশা প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করা। আমরা চাই, তদন্তকারী কর্মকর্তা কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করুন। সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাসময়ে আদালতে নির্ভুল অভিযোগপত্র দাখিল করা হোক।

তিনি আরও বলেন, আদালতের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একজন তরুণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আজমুল হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শোকসন্তপ্ত পরিবারের ন্যায়বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।