logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ
সোমবার সকালে বিজয়নগরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের লোকজনের মধ্যে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুদিন আগে রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। ওই সময় কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট