logo

এক হাজার টাকার জাল নোট ভাঙাতে ভিক্ষুককে দিলেন ২০ টাকা

এক হাজার টাকার জাল নোট ভাঙাতে ভিক্ষুককে দিলেন ২০ টাকা
উদ্ধার করা জাল নোট ও আটক ফখরুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের মোংলায় ভিক্ষুকের কাছে এক হাজার টাকার জাল নোট ভাঙাতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন ফখরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ফখরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে ফখরুল প্রধান বাজার এলাকার হাবিবুর রহমানের পান দোকানে গিয়ে এক হাজার টাকার একটি নোট ভাঙাতে চান। দোকানি নোটটি জাল বলে সন্দেহ করে তাকে ফিরিয়ে দেন। পরে বাজারের আ. সাত্তার নামের এক ভিক্ষুককে ২০ টাকা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট ভাঙিয়ে নেন ফখরুল।

বিষয়টি পান দোকানির নজরে এলে তিনি স্থানীয় লোকজনকে ডেকে ফখরুলকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জাল নোটসহ থানায় নিয়ে যায়।

পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে ফখরুল জানান, তার কাছে থাকা ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর চেষ্টা করছিলেন তিনি। এসব জাল নোট তাকে ভোলার মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তি সরবরাহ করেছেন। গত কয়েক মাস ধরে নিজ এলাকার বাইরে বিভিন্ন স্থানে এভাবে জাল টাকা চালানোর চেষ্টা করে আসছিলেন বলেও তিনি জানান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা-সংক্রান্ত প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট