logo

নামাজ পড়তে বলায় নানাশ্বশুরের লাঠি ভাঙার অভিযোগ

নামাজ পড়তে বলায় নানাশ্বশুরের লাঠি ভাঙার অভিযোগ
বরগুনা সদর থানায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন। ছবি : এশিয়া পোস্ট

বরগুনায় নামাজ পড়তে বলায় ৭০ বছর বয়সি নানাশ্বশুরের হাঁটার ছড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতজামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) তিনি থানায় এ অভিযোগ দেন।

Advertisement

ভুক্তভোগী সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার সোনালীপাড়ার বাসিন্দা।

লিখিত অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, তার নাতজামাই মো. রাব্বানী গাজী বেপরোয়া জীবনযাপন করেন। গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে তাকে নামাজ পড়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বৃদ্ধ নানাশ্বশুরের হাত থেকে হাঁটার ছড়ি কেড়ে নিয়ে সেটি ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বার্ধক্যের কারণে হাঁটার ছড়ি ছাড়া সোহরাব হোসেনের চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে। এ ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত নাতজামাই যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ছাড়া পথে-ঘাটে গালিগালাজ ও অকথ্য ভাষায় কথা বলার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন সোহরাব হোসেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. রাব্বানী গাজীর বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইউনুস আলী ফরাজী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট