ফ্যামিলি কার্ড পেতে টাকা লাগে না, সুনামগঞ্জে সচেতনতামূলক মাইকিং

সম্মানিত এলাকাবাসী, মনে রাখবেন ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বা ফ্যামিলি কার্ড পেতে কোনো টাকা লাগে না এমন স্লোগানে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের আগে সচেতনতা বৃদ্ধিমূলক মাইকিং করা হচ্ছে।
সাধারণ মানুষকে সচেতন করতে এবং কার্ডের বিষয়ে কাউকে কোনো প্রকার অর্থ না দিতে রোববার (১৫ নভেম্বর) দিনভর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ প্রচারণা চালানো হয়েছে বলে জানা গেছে। মাইকিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বা পেতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তথ্য সংগ্রহের সময় কী কী তথ্য সরবরাহ করতে হবে, তাও জানিয়ে দেওয়া হচ্ছে। এ সময় তথ্য সংগ্রহকারীকে পরিবারের সবার জন্মসনদ ও আর্থিক লেনদেনের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য কাছে রাখার অনুরোধ করা হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়ে আজ আমার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে, যা সবার জন্যই ভালো। এতে ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বা পেতে কাউকে টাকা না দেওয়ার বিষয়টি প্রচার করা হয়েছে। এখন কেউ ইচ্ছে করলেই আর টাকা-পয়সা চাইতে পারবে না।
বিশ্বম্ভরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূর উদ্দিন মাহমুদ জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্থানীয়দের সচেতন করতে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে। রবিবার একটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে এবং আগামী আরও দুই দিন অন্যান্য ইউনিয়নে এই প্রচারণা চালানো হবে। যাতে সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের তথ্য প্রদানে আগে থেকেই অবগত থাকেন এবং কার্ড পেতে বা তথ্য দিতে কোনো টাকা লাগে না সে বিষয়ে সচেতন হন।
তিনি আরও জানান, এই উপজেলায় গত ১৪ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের জন্য খানা জরিপ শুরু হয়েছে। উপজেলায় ৬১ জন তথ্য সংগ্রহকারী ও ৮ জন সুপারভাইজারসহ মোট ৬৮ জন কর্মী কাজ করছেন। চলতি মাসের ৪ তারিখ থেকে সমগ্র উপজেলাজুড়ে পুরোদমে কাজ চলছে। উপজেলায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার খানা জরিপ হতে পারে, যার মধ্যে ইতিমধ্যে ৭ হাজার খানা জরিপের কাজ শেষ হয়েছে।

