‘মাছের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যবহার হচ্ছে রঙিন আলো’

মাছের বাজারে রঙিন ও অতিরিক্ত আলো ব্যবহার করে মাছের প্রকৃত অবস্থা আড়াল করা হচ্ছে। কোথাও ওজনে কারচুপি, কোথাও মূল্যতালিকা প্রদর্শন না করা, আবার কোথাও মাছের ওজন বাড়াতে জেলি পুশ করার মতো অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান জোরদারের কথা জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মাছের সরবরাহ, বাজার পরিস্থিতি ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জহিরুল ইসলাম বলেন, ‘অধিদপ্তরের বাজার তদারকি ও অভিযানে বিভিন্ন সময় পচা মাছ বিক্রি, যথাযথভাবে মাছ সংরক্ষণ না করা এবং মাছের সঙ্গে ক্ষতিকর রাসায়নিক মেশানোর মতো অনিয়ম দেখা যাচ্ছে।’
মাছের প্রকৃত অবস্থা আড়াল করতে রঙিন ও অতিরিক্ত আলো ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
সভায় অনলাইন মাছ বিক্রিতে প্রতারণা রোধে নজরদারি বাড়ানোর প্রস্তাব দেন অংশগ্রহণকারীরা। ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান এবং অনলাইনভিত্তিক প্রতারণা বন্ধে বিকাশসহ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। অনলাইন মাছ বিক্রির অনিয়ম নিয়ন্ত্রণে অধিদপ্তরে পৃথক সাইবার ইউনিট গঠনের প্রস্তাব দেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সুপারশপ প্রতিনিধিরা জানান, মাছের উৎস ও গুণগত মানের ভিত্তিতে দামের পার্থক্য থাকে। তবে মাছের মান অনুযায়ী যৌক্তিক মূল্য নির্ধারণ এবং তা ভোক্তাদের কাছে গ্রহণযোগ্য করা একটি চ্যালেঞ্জ। অন্যদিকে, বাজার সমিতির প্রতিনিধিদের দাবি, তাদের বাজারে মাছের মধ্যে জেলি পুশ করা হয় না।
তাদের মতে, মাছের রং ও রাসায়নিক ব্যবহারের মতো অনিয়ম উৎপাদন পর্যায়েও হতে পারে। তাই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সব পর্যায়ে নজরদারি প্রয়োজন।
সভায় অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ক্যাব, মাছ ব্যবসায়ী সমিতি, সুপারশপ এবং পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



