logo

২০ লাখ টাকা চাঁদা দাবি/‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব’
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় চাঁদা না পেয়ে ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত জানালার কাচ। ছবি : ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে মো. জাফর নামের এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলি ছোড়ার পর মুঠোফোনে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে থানার শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

ভুক্তভোগী বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান প্রায় ১০ মাস আগে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। সে সময় তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে থাকায় বিষয়টি আর এগোয়নি। দেশে ফেরার পর দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও গত ১১ নভেম্বর রায়হান আবারও ফোন করে একই অঙ্কের চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় রোববার রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই কক্ষে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলি ছোড়ার পরপরই তাকে ফোন করে ওই হুমকি দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ নাম ব্যবহার করে ব্যবসায়ী ও ভবনমালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন রায়হান ও ডেভিড ইমন। সম্প্রতি ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান একাই এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে রায়হান দাবি করেছেন, তার নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে শর্টগানের গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে গেলেও কক্ষটি ফাঁকা থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে।

ওসি আরও জানান, অভিযুক্ত রায়হান ও ভুক্তভোগী জাফর দুজনেরই বাড়ি রাউজান উপজেলায় এবং তারা পূর্বপরিচিত। এ ঘটনায় জাফরকে থানায় মামলা করতে বলা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি মামলা করবেন বলে জানালেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।