রয়টার্সের প্রতিবেদন/ভোটার তালিকা থেকে বাদ, নাগরিকত্ব হারানো ও বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় ভারতের মুসলিমরা

ভারতে জন্ম, বেড়ে ওঠা, পরিবার ও সংসার; সবই সেখানে। নাগরিকত্বের প্রমাণ হিসেবে রয়েছে পরিচয়পত্র এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথিও। এরপরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশটির বহু মুসলিম। তাদের কেউ আটককেন্দ্রে, কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং দেশছাড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন কয়েকটি পরিবারের দুর্ভোগের চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেক মুসলিমকে নিজেদের নাগরিকত্বের বৈধতা প্রমাণ করতে হচ্ছে। কেউ আটক হয়েছেন, কেউ বাংলাদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন, আবার কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন।
এমনই একজন ৩৮ বছর বয়সি সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। যাওয়ার আগে ছোট ছেলেকে জানিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পার হলেও আর বাড়ি ফেরা হয়নি তার। বর্তমানে স্বামী ও দুই সন্তানকে ছেড়ে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে অবস্থান করছেন তিনি।
সাহিদার অভিযোগ, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে সঙ্গে থাকা মুঠোফোনটি কেড়ে নেন। ওই ফোনেই তার পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি সংরক্ষিত ছিল। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এতে মুহূর্তের মধ্যেই পরিবারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যদের অভিজ্ঞতাতেও একই ধরনের পরিস্থিতির কথা উঠে এসেছে। তাদের স্বজনদের কেউ আটক হয়েছেন, কাউকে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে, আবার কাউকে নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অথচ তাদের পরিবারের অন্য সদস্যদের নাম এখনো ভারতের ভোটার তালিকায় রয়েছে।
ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৩ কোটি নাম
ভারতে ভোটার তালিকা সংশোধনের চলমান প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে এত বড় পরিসরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি।
বিভিন্ন তথ্য-উপাত্ত ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুসলিম সম্প্রদায়ের ওপর। তবে বৈধ ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি বা লক্ষ্যবস্তু করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বিজেপি।
পশ্চিমবঙ্গে চলতি বছরের রাজ্য নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।
গত ৫ নভেম্বর এক জনসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং পরবর্তী সময়ে দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।
পরিবারের কাছে ফিরতে আদালতের দ্বারস্থ সাহিদা
এদিকে সাহিদাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছে তার পরিবার। আবেদনে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি হয়ে যান না।
পরিবারের দাবি, সাহিদার মা-বাবা এবং দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। এমনকি ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ। তার অভিযোগ, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। তাদের মধ্যে ১৯ জন মুক্তি পেলেও নাসিরুদ্দিনসহ চারজনকে টানা ৩২ দিন আটক থাকতে হয়।
মানবাধিকারকর্মী কিরিটি রায় জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে লাখ লাখ আবেদন জমা পড়েছে। তবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলোতে শুনানি চলছে অত্যন্ত ধীরগতিতে।
ফলে নাগরিকত্বের প্রয়োজনীয় প্রমাণ থাকার পরও অনেক মানুষকে নিজেদের অবস্থান নিশ্চিত করতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। কেউ অপেক্ষা করছেন পরিবারের কাছে ফিরে যাওয়ার, আবার কেউ নিজ জন্মভূমিতে নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার।


