logo

হরমুজ প্রণালিতে মাইনের আঘাত, তিন তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে মাইনের আঘাত, তিন তেলবাহী ট্যাংকারে আগুন
ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজসমূহ। ছবি: আনাদোলু

হরমুজ প্রণালি ও এর আশপাশে পৃথক ঘটনায় তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাতের পর আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই দিনে প্রণালি দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে আরও একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সোমবার (১৬ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রচারিত বিবৃতির বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগ জানিয়েছে, সোমবার ভোরে হরমুজ প্রণালির পূর্বদিকে তাদের ঘোষিত নিষিদ্ধ এলাকায় একটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলে।

বাহিনীটি জানায়, প্রণালির পূর্বাঞ্চলে জাহাজ চলাচলের ওপর তারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো জাহাজের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করা গুরুতর ঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছে তারা। নৌ-চলাচলসংক্রান্ত সতর্কবার্তা অমান্য করলে এর পরিণতির দায় সংশ্লিষ্ট জাহাজের মালিকদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দক্ষিণ হরমুজে আরও দুটি ট্যাংকারে বিস্ফোরণের দাবি

পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের সময় আরও দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত হানে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ অভিযোগ করেছে, জাহাজ দুটি মার্কিন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের সহায়তায় চলাচল করছিল।

বিবৃতিতে বলা হয়, মাইনে আঘাতের পর ট্যাংকার দুটিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আলোয় কয়েক ঘণ্টা ধরে প্রণালির আকাশ আলোকিত হয়ে ছিল।

আইআরজিসির দাবি, এর আগে একই এলাকায় দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছিল। রোববার থেকে এ পর্যন্ত মোট ছয়টি ট্যাংকারে আগুন ধরে সেগুলো ডুবে যাচ্ছে বলে দাবি করেছে বাহিনীটি। তবে এই ছয়টি জাহাজের মধ্যে সোমবার ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর উল্লেখ করা ট্যাংকারটি অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।

বিস্ফোরণের ফলে সৃষ্ট দূষণ প্রণালির পানির পাশাপাশি আশপাশের উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে দূষণের মাত্রা বা পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের নৌ-চলাচলসংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের জবাব হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করা থেকে বিরত থাকতে জাহাজমালিকদের সতর্ক করেছে তারা।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের তৈরি দক্ষিণাঞ্চলীয় পথটি আগুনের দেয়াল দিয়ে মাইন পেতে বন্ধ করে দেওয়া হয়েছে।’

অজ্ঞাত বস্তুর আঘাতে আরেক ট্যাংকারে আগুন

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত কোনো প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।

সংস্থাটি জানায়, জাহাজটির কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা তাদের কাছে ঘটনার খবর দেন। ইউকেএমটিওর নথি অনুযায়ী, সোমবার ভোর ৫টা ৫৮ মিনিটে (ইউটিসি) ঘটনাটির প্রতিবেদন পাওয়া যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের সবার অবস্থান নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য পরিবেশগত প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী এবং এর পরিচালনাকারী প্রতিষ্ঠানের পরিচয়ও প্রকাশ করেনি ইউকেএমটিও। হামলার জন্য কারা দায়ী, সে বিষয়েও সংস্থাটি কোনো মন্তব্য করেনি।

ইরানের নৌবাহিনীর সমুদ্র মাইনে আঘাতের দাবি এবং ইউকেএমটিওর অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতের তথ্য একই জাহাজের ঘটনা কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে ঘটনাগুলোকে পৃথকভাবে বিবেচনা করা হচ্ছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট