logo

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্য পাশে জাতিসংঘে সাধারণ পরিষদের সভায় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতাকে প্রতিষ্ঠিত করে। আমরা বিশ্বাস করি, পররাষ্ট্রমন্ত্রী গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বিশ্বে বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন।

তিনি আরও বলেন, ‘এই নতুন দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।’

এর আগে মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে় সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসের পক্ষে ভোট পড়েছে ৯১টি।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুসারে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। এই পদের জন্য বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করেছে।

বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। চার দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করল।