logo

পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১
গ্রেপ্তার শাহা জামাল। ছবি: এসআরবি

পটুয়াখালীর দুমকি থেকে অপহৃত ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের প্রায় ১০ ঘণ্টার মধ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার উল্যা।

এ বিষয়ে এসআরবি-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ কমিশনার তপন সরকার জানান, শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পটুয়াখালীর দুমকি থানাধীন শ্রীরামপুর এলাকায় চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী। এ সময় শাহা জামালসহ আরও কয়েকজন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর কিশোরীর বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে দুমকি থানায় একটি অপহরণ মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব কর্মকর্তা তপন সরকার বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং শাহা জামালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।