১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে রিয়াদ রুট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকছে। ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটের ফ্লাইট সূচিতে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিমান জানিয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াত করতে পারবেন।

