logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনিফ্রান্স
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৫৫তম ‘সশস্ত্র বাহিনী দিবস’। অনুষ্ঠানটি সোমবার প্যারিসের একটি অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টাবৃন্দ, ফ্রান্সের বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ শতাধিক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Advertisement

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিরক্ষা উপদেষ্টা তাঁর স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

এয়ারবাস কেনার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব প্রয়োজনেই: ফ্রান্সের রাষ্ট্রদূত

তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ও উল্লেখযোগ্য উন্নয়ন এবং দেশ-বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ফ্রান্সসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান সুসম্পর্ক, আন্তঃযোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও দেশ-বিদেশে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরা হয়।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ফ্রান্স রাষ্ট্রদূতের

পরে রাষ্ট্রদূত এম. তালহা দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ফরাসি লেখক, অভিযাত্রী, প্রতিরোধযোদ্ধা, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত ‘জুলাই বিপ্লব-২০২৪’-এ অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে এই আন্দোলন এবং এর পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে প্রচলিত ও অপ্রচলিত যেকোনো ধরনের হুমকি থেকে সুরক্ষিত রাখতে সশস্ত্র বাহিনীকে একটি সুপ্রশিক্ষিত, সুসজ্জিত ও প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় চলমান আধুনিকায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।