সৌদিতে চাকরির প্রলোভনে মানবপাচার, গ্রেপ্তার ১

সৌদি আরবে ফাস্টফুডের দোকানে চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে মানবপাচারের পর আটকে রেখে নির্যাতন ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সিআইডির মানবপাচার ইউনিটের অভিযানে মো. সালমান হোসেন (৩৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শংকরপুর (গাইনপাড়া) গ্রামের বাসিন্দা।
সোমবার (৩১ আগস্ট) সিআইডি জানায়, সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে চক্রটি ছয় লাখ টাকা নেয়। পরে ২০২৫ সালের ৭ জুন তাকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। বরং তাকে একটি বাসায় আটকে রেখে আকামা করে দেওয়ার কথা বলে পরিবারের কাছে আরও টাকা দাবি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, টাকা আদায়ের উদ্দেশ্যে ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।
সিআইডি জানায়, একপর্যায়ে কৌশলে ওই বাসা থেকে পালিয়ে মরুভূমি এলাকায় আশ্রয় নেন ভুক্তভোগী। পরে সৌদি পুলিশের হাতে আটক হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত ২২ জুলাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬(২), ৭ ও ৮ ধারায় মামলা করেন।
সিআইডির প্রাথমিক তদন্তে সালমান হোসেনের এ ঘটনায় সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সৌদি আরবে ভুক্তভোগীকে যে বাসায় আটকে রাখা হয়েছিল, সেটিও সালমানের বলে তদন্তে তথ্য মিলেছে।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডির মানবপাচার শাখা। চক্রটির অন্য সদস্য, পলাতক আসামি, দেশি-বিদেশি সহযোগী এবং আরও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে দালাল কিংবা অবিশ্বস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি। বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন এবং অর্থ লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া ভিসা জালিয়াতি, মানবপাচার বা অবৈধ অভিবাসনের কোনো সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর অনুরোধ করা হয়েছে।



