logo
Advertisement

৩ সেপ্টেম্বরের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার কত বেতন বাড়ছে

এশিয়া পোস্ট ডেস্ক
৩ সেপ্টেম্বরের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার কত বেতন বাড়ছে
ছবি : গণমাধ্যম থেকে নেওয়া

সরকারি চাকরিজীবীদের নবম বেতনকাঠামো (পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওই দিন অনুমোদন পেলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সূত্র।

Advertisement

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, নতুন বেতনকাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন হলে আগামী বৃহস্পতিবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

যদিও মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে বলতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।

গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনো কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। দুই ধাপে তা বাস্তবায়ন হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

নতুন কাঠামোয় কার কত বেতন হতে পারে

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে যে গ্রেডভিত্তিক কাঠামো এসেছে, তাতে সর্বনিম্ন মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

গ্রেড প্রস্তাবিত মূল বেতন

১ম গ্রেড ১,৬০,০০০ টাকা (নির্ধারিত); ২য় গ্রেড ১,৩২,০০০-১,৫৩,০০০; ৩য় গ্রেড ১,১৩,০০০-১,৪৮,৮০০; ৪র্থ গ্রেড ১,০০,০০০-১,৪২,৪০০; ৫ম গ্রেড ৮৬,০০০-১,৩৯,৭০০; ৬ষ্ঠ গ্রেড ৭১,০০০-১,৩৪,০০০; ৭ম গ্রেড ৫৮,০০০-১,২৬,৮০০; ৮ম গ্রেড ৪৭,২০০-১,১৩,৭০০; ৯ম গ্রেড ৪৫,১০০-১,০৮,৮০০; ১০ম গ্রেড ৩২,০০০-৭৭,৩০০; ১১তম গ্রেড ২৫,০০০-৬০,৫০০; ১২তম গ্রেড ২৪,৩০০-৫৮,৭০০; ১৩তম গ্রেড ২৪,০০০-৫৮,০০০; ১৪তম গ্রেড ২৩,৫০০-৫৬,৮০০; ১৫তম গ্রেড ২২,৮০০-৫৫,২০০; ১৬তম গ্রেড ২১,৯০০-৫২,৯০০; ১৭তম গ্রেড ২১,৪০০-৫১,৯০০; ১৮তম গ্রেড ২১,০০০-৫০,৯০০; ১৯তম গ্রেড ২০,৫০০-৪৯,৬০০ ও ২০তম গ্রেড ২০,০০০-৪৮,৪০০ টাকা।

যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশ হয়নি। তাই সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের আগে এটিকে চূড়ান্ত বেতনকাঠামো বলা যাবে না।

সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সেই বইয়ে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি।

বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে বেতন-ভাতা ১০০ শতাংশ থেকে ১৪০ শতাংশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে জাকির আহমেদ খান কমিশন। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। আর সর্বোচ্চ বেতনকাঠামো নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সুপারিশ করা হয় ১ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী।

বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

সূত্র: টিবিএস