তিতাস গ্যাসসহ তিন কোম্পানিতে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল

জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
গত মঙ্গল ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব পরিবর্তনের তথ্য দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিতাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আরপিজিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
আর পেট্রোবাংলার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) পরিদপ্তরে সংযুক্ত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকারকে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি পরিচালক (পিএসসি) পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাপেক্সের এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, তিন কোম্পানির এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া একটি সাময়িক ব্যবস্থা। এর ফলে কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা বা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো পরিবর্তন আসবে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তারা তাদের মূল পদ মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।
দেশীয় গ্যাসের অনুসন্ধান, উৎপাদন, আমদানি ও গ্রাহক পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই তিন কোম্পানির। বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে তিতাস। অন্যদিকে বাপেক্স দেশে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও গ্যাস উৎপাদনের কাজ করে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রম পরিচালনা করে আরপিজিসিএল।


