জুলাই গণঅভ্যুত্থান ছিল অনিবার্য: হাসনাত কাইয়ূম

এশিয়া পোস্ট প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান ছিল অনিবার্য: হাসনাত কাইয়ূম
হাসনাত কাইয়ূম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান একটি অনিবার্য বিষয় ছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী, লেখক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল। আওয়ামী লীগের সহযোগী শক্তিগুলো বাদে এই আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি।

হাসনাত কাইয়ূম বলেন, আমি ব্যক্তিগতভাবে নিজেকে ভীষণ আশাবাদী মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করি এবং সবসময় ইতিবাচক থাকতে চাই। কিন্তু এইবারের অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সেই আশাবাদ ধরে রাখা খুব কঠিন মনে হচ্ছে।

তিনি বলেন, জনগণের টাকায় চলা বাহিনী যখন জনগণকে গুম-খুন করে এবং গায়েবি মামলা দেয়, তখন সেটি আর রাষ্ট্র থাকে না বরং একটি জুলুমের রাজত্বে পরিণত হয়। তাই এই শাসনব্যবস্থার পরিবর্তন প্রয়োজন ছিল।

হাসনাত কাইয়ূম আরও বলেন, এই অভ্যুত্থানটি কেবল ৩৬ দিনের নয়, বরং গত ১৭ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এইবারের আন্দোলনের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট—কেবল সরকার বদল নয়, বরং শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। গণতন্ত্র মঞ্চের স্লোগান অনুযায়ী লক্ষ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এমন একটি টেকসই ব্যবস্থা নিশ্চিত করা। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে জুলাইয়ের মতো এত রক্তপাত, আত্মত্যাগ এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা আর কখনো দেখা যায়নি।