গাছ, ফুল, বৃষ্টি আর ঝিঁঝি পোকার ডাকেই শিখবে শিশুরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিশুদের শিক্ষার পরিবেশ হতে হবে প্রকৃতিনির্ভর। বইয়ের পাতার পাশাপাশি গাছগাছালি, ফুল, ফল, বৃষ্টি ও ঝিঁঝি পোকার ডাক থেকেও শিক্ষা নিতে হবে তাদের। প্রকৃতির সঙ্গে পরিচিত হয়েই বেড়ে উঠবে আগামীর শিশুরা।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় দেশের প্রথমবারের মতো প্রকৃতির পাঠশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিশুদের শিক্ষায় এমন ভাবনার কথা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রকৃতির আচরণ থেকেই শিখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিশুরা কেমন শিক্ষা গ্রহণ করবে, তা নির্ধারণে প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক গড়ে তোলা জরুরি।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ, বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে এই পাঠশালা। প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সান্নিধ্যে শিশুদের শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল ভাবনা।
পাঠশালাটি উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে হাসি-গল্পে মেতে ওঠেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রকৃতির ভূমিকা গুরুত্বপূর্ণ। গাছগাছালি, ফুলফল, বৃষ্টি এবং ঝিঁঝি পোকার ডাকের মধ্য দিয়েই তাদের প্রকৃতিকে চিনতে ও বুঝতে শিখতে হবে। শিক্ষার সঙ্গে প্রকৃতির এই সংযোগ শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
প্রকৃতির পাঠশালার উদ্যোগকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ছাড়াও প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


