অ্যাক্রেডিটেশন কাউন্সিল একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) উদ্যোগে একাডেমিক অডিটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।
এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম। প্রশিক্ষণে প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি’র কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, কিউএ এ্যান্ড এনকিউএফ বিভাগের সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও আইসিটি বিভাগের সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য জনাব মো. এমদাদুল হক।
প্রশিক্ষণে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। তিনি অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে অডিটরদের পর্যবেক্ষন লিখিতভাবে প্রদানের অনুরোধ করেন।
বক্তব্যে তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের গুণগতমান উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখা।
একাডেমিক অডিটররা তাদের অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করেন।
একাডেমিক অডিটরদের বহিঃস্থ গুণগতমান নিরূপনে দক্ষতা বৃদ্ধি; স্বার্থ ও গোপনীয়তা দ্বন্দ্ব নীতি পরিপূর্ণ অনুসরণের গুরুত্ব পর্যালোচনা এবং একাডেমিক অডিটরদের সাথে বিএসি’র কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময় এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল বলে বিএসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

