logo

কেরানীগঞ্জে ইয়াবা ও পেথিডিনসহ আটক ২

কেরানীগঞ্জে ইয়াবা ও পেথিডিনসহ আটক ২
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য। ছবি: এসআরবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৯১ পিস ইয়াবা এবং ১০০ পিস পেথিডিনসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ও রাজেন্দ্রপুর এলাকায় এসআরবি-১০ সদর কোম্পানির পৃথক দুটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

Advertisement

শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসআরবি-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগানগর এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ছালেহা বেগম (৪৬) নামের এক নারীকে ৫৯১ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ছালেহা বেগমের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকায়। তার স্বামীর নাম সাজ্জাদ হোসেন।

অন্যদিকে, একই রাত পৌনে ১২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মমিনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে এসআরবি-১০। তার কাছ থেকে ১০০ পিস প্যাথিডিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

মমিনুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লং হেলেনচা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বেলাল উদ্দিন।

এসআরবি আরও জানিয়েছে, আটক দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও পেথিডিনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট