জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নতুন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পত্রানুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালক হিসেবে সিলেটের মো. বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সারবিনা আফরিন মুস্তফা।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন এসব প্রতিষ্ঠানে মনোনীত কর্মকর্তারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত পত্রটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের (অতিরিক্ত দায়িত্ব) দপ্তরে পাঠানো হয়েছে।



