বাস-লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন।
প্রেসবার্তায় বলা হয়, জ্বালানির দাম বাড়লে বাস ও লঞ্চের ভাড়া বাড়া স্বাভাবিক। তবে ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলো দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে। জনস্বার্থে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতার পরিবর্তে লুকোচুরি করা হচ্ছে।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, পরিচালন ব্যয় কত টাকা বেড়েছে এবং কত পয়সা ভাড়া বাড়ালে তা সমন্বয় করা সম্ভব, তার কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ করা হচ্ছে না। বিগত সরকারের আমল থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একচেটিয়া সুবিধা বাস ও লঞ্চ মালিকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, দেশের বৃহত্তর অংশীজন যাত্রীদের প্রতিনিধিদের মতামত না নেওয়ায় সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
