logo

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে ইউএস-বাংলা এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে ইউএস-বাংলা এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত
২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের সব ফ্লাইট স্থগিত করেছে ইএস বাংলা এয়ারলাইন। ছবি: উকিপিডিয়া

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি এয়ারলাইনসটি। বিজ্ঞপ্তিটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

ইউএস-বাংলার জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত এয়ারলাইনসটির BS381 ও BS382 নম্বরের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এয়ারলাইনসটি।

এ পরিস্থিতিতে যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং এবং অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

বাতিল হওয়া এসব ফ্লাইটের মোট যাত্রীর সংখ্যা ছিল ৩ হাজার ১২ জন। ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রীর ভ্রমণসূচিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদগামী যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে ভ্রমণের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।