logo

সৌদিতে দুই প্রবাসীর শিরশ্ছেদ/বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান

বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান
সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে না আনার পক্ষে দেওয়া বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের ওই মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে এ ক্ষমা চান।

বিবৃতিতে কামরুজ্জামান রতন উল্লেখ করেন, সম্প্রতি একটি টক শোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত বলেছিলাম, আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না।

তিনি আরও বলেন, আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি। আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।

এর আগে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনাটি নিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন কামরুজ্জামান রতন। বক্তব্যটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বমহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তীব্র সমালোচনার মুখেই শেষ পর্যন্ত তিনি মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইলেন।