মিরপুরে ৩ মেট্রো স্টেশন বন্ধ

রাজধানীর মিরপুরে মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে নামা পোশাকশ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনটি মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেট্রো কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। স্টেশন তিনটি হলো মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের মধ্যে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
এর আগে সকাল থেকে মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১০ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট সৃষ্টি হয়।
একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর-১০সহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করছে।



