সংসদ ভবনে যাওয়ার সুযোগ পাচ্ছেন জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী

জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছেন ৪১ শিক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পুরস্কার হিসেবে তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্যোগে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী সংসদ ভবন ঘুরে দেখবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ ভিজিট শাখা থেকে থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ওই ৪১ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবেন। এ সময় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া পরিদর্শনের পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করবেন তারা।
প্রজ্ঞাপনে পরিদর্শনকারীদের জন্য কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সংসদ ভবনের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন, ব্যাগ, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সংসদ অধিবেশনের দিন ও সময়ে পরিবর্তন হলে নতুন সময় জানানো হবে।
এদিকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করবে, তাদের অভিভাবকসহ জাতীয় সংসদ ভবন ঘুরে দেখানোর ঘোষণাও দিয়েছিলেন এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
এর আগে গত ৩১ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার রাজীব প্রধান শিক্ষার্থীদের এই কথা জানান।
সংসদ সদস্য তাদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সময় প্রযুক্তিনির্ভর। এআই এসেছে, এর সঙ্গে পাল্লা দিতে হবে, এআইকে পেছনে ফেলতে হবে। এ জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে সুনাগরিক হতে হবে। তোমরা ভালো ফলাফল করেছ, তোমাদের ওপর আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। আমরা মনে করি, তোমরা একদিন সুনাগরিক হবে এবং বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে অর্পিত হবে।’

