logo

শুধু বাংলাদেশে নয়, ফারাক্কার বিরূপ প্রভাব ভারতেও পড়ছে: রিজভী

শুধু বাংলাদেশে নয়, ফারাক্কার বিরূপ প্রভাব ভারতেও পড়ছে: রিজভী
প্রধানমন্ত্রী রাজতৈনিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: এশিয়া পোস্ট

শুধু বাংলাদেশে নয়, ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব ভারতেও পড়ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী রাজতৈনিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশ নয়, ভারতেও পড়ছে। দেশটির অনেক রাজনৈতিক ব্যক্তি ব্যারাজ ভেঙে দেওয়ারও দাবি তুলেছেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পানি ও পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বিশাল আকার ধারণ করছে। যে উগ্র সাম্প্রদায়িকতার বিকাশ ঘটছে, সেটি নিয়ন্ত্রণ দরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন অভিযোগ করে তিনি বলেন, আমরা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করব না, তবে দাসত্বের শৃঙ্খলেও আটকে থাকব না।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের পানি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন। আগামী ডিসেম্বরে ফারাক্কার চুক্তি শেষ হচ্ছে। এটি নবায়নের মধ্য দিয়েই দেশের পানি সমস্যা এবং ফারাক্কা সমস্যার সমাধান হবে।

গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষিতে যে বিপর্যয় নেমে আসে, তারই প্রতিবাদে শুরু থেকেই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি ওঠে বাংলাদেশ থেকে।

১৯৭৬ সালের ১৬ মে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধ অভিমুখে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লংমার্চ। মওলানা ভাসানীর এমন সাহসী পদক্ষেপ এখনও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।