বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের প্রায় ৫০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামে মুদাফফরগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় দেওয়া বক্তব্যে এসব কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, ইতোমধ্যে মানুষকে যে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। বিএনপি নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে পালন করে।
এর আগে দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের তিনটি প্রধান দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন, যার মধ্যে অন্যতম ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা যদি জনগণের দাবি হয়ে থাকে, তবে তা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন।
তিনি বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সফর করছি।
আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
আওয়ামী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশের মানুষের ওপর স্বৈরাচার সরকার যেমন অত্যাচার-নির্যাতন করেছে, ঠিক তেমনি অর্থ আত্মসাৎও করেছে। ফলে দেশের অর্থনীতি কিছুটা চাপের মুখে রয়েছে।
সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার সময় এখন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাই যাতে স্বাবলম্বী হতে পারে, সে জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তা নিশ্চিত করতে হবে। জনগণই দেশের মালিক; মালিক যখন দায়িত্ব নেয়, তখনই দেশ এগিয়ে যায়।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
.png)

