logo

মহাসড়কের রিকশা ও অটোরিকশা বন্ধে পুলিশের মাইকিং

মহাসড়কের রিকশা ও অটোরিকশা বন্ধে পুলিশের মাইকিং
মাইকিং করেছে ট্রাফিক পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর বিমানবন্দরে সড়কে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করতে মাইকিং করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর, খিলক্ষেত, জসিম উদ্দিন ও রাজলক্ষ্মী এলাকায় এ মাইকিং করতে দেখা যায়।

মাইকিংকালে বলা হয়, ‘রিকশা, অটোরিকশা এবং ভ্যান চালকবৃন্দ, আসসালামু ওয়ালাইকুম। একটি বিশেষ ঘোষণা, আপনাদের সদয় অবগতি জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রিকশা, অটোরিকশা এবং ভ্যান চলাচল নিষিদ্ধ। আপনারা দয়া করে মহাসড়কে উঠবেন না। মহাসড়কে উঠলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুণ।’

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রুবেল হক এশিয়া পোস্টকে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সড়কে ভ্যান, অটোরিকশা, রিকশা চলে আসার কারণে যানবাহনের মুভমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের এক নম্বর গুরুত্বপূর্ণ সড়কে রিকশা, ভ্যান, অটোরিকশা উঠতে দিতে চাচ্ছি না। হুট করে অ্যাকশনে গেলে এরা (চালকরা) ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে আমরা প্রচারণা চালাচ্ছি। তারপর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।'

বিমানবন্দর মহাসড়কে একের পর এক দুর্ঘটনার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানুষ এমন ঝুঁকি নিয়ে চলছে, যে মারা যাবে, তবুও ফুট ওভার ব্রিজ দিয়ে যাবে না। আমরা বার বার বুঝাচ্ছি, তবুও মানুষ বুঝতেছে না। ঝুঁকি নিয়েই চলছে। মহাসড়কে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। আবার হুট করে রিকশা, অটোরিকশা, ভ্যান মহাসড়কে উঠে আসে। তখন দুর্ঘটনা ঘটে যায়।

তিনি আরও বলেন, অনেক সময় ড্রাইভাররা ঝিমিয়ে পরে, সেই কারণেও দুর্ঘটনা ঘটে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা মেডিকেল টিম দিয়েও সচেতনতা করেছি। মহাসড়কে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ হলে সড়কে যানবাহনের গতি বাড়বে এবং দুর্ঘটনা কমে আসবে।