logo

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে’

‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে’
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘আমরা সবাই এ দেশের নাগরিক। যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে ‘কচুয়া পূজা উদ্‌যাপন পরিষদ’র নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘দেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার আছে। ধর্ম পালনেও সবার সমান সুযোগ রয়েছে। তাই কোনো ধর্মাবলম্বীদের ছোট করা যাবে না। দেশে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী নিজে পূজার ছুটি বাড়িয়ে দিয়েছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি শিক্ষা এবং এলাকার (কচুয়া) উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছি। তাই আপনাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। এখানে কোনো অন্যায় সহ্য করা হবে না। মাদকসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার করতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, উপজেলা বিএনপির মুখ্য সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজ মাস্টার, বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস প্রমুখ উপস্থিত ছিলেন।