১৩টি সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু কাল: শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মীর শাহে আলম বলেন, পর্যায়ক্রমে ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে বলে জানান তিনি।
সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে সরকার বিধিমালা প্রণয়ন করছে জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে।
ভবিষ্যতে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করত পারবে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না বলে জানান তিনি।
ই-রিকশার ব্যাটারি চার্জিং বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ই-রিকশার নিবন্ধন ফি’র বিষয়ে মীর শাহে আলম বলেন, দুজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার এবং নবায়ন ফি বাৎসরিক ৪ হাজার টাকা। চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার এবং নবায়ন ফি বাৎসরিক ৫ হাজার টাকা।

