logo

‘হাসিনা কেন প্রকাশ্যে আসেন না, জানতে চান নেতাকর্মীরা’

‘হাসিনা কেন প্রকাশ্যে আসেন না, জানতে চান নেতাকর্মীরা’
বাঁয়ে শেখ হাসিনা ও ডানে শফিকুল আলম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিতে একাধিকবার অডিও লাইভে আসলেও কখনও প্রকাশ্যে আসেননি। তিনি কেন প্রকাশ্যে আসেন না এ বিষয়টি অনেক নেতারাই জানতে চেয়েছেন বলে দাবি করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে আওয়ামী লীগের কর্মসূচি, দলটির অভ্যন্তরীণ পরিস্থিতি, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন শফিকুল আলম।

Advertisement

ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর গুজব প্রসঙ্গে তিনি এটিকে সাম্প্রতিক মাসগুলোতে ছড়ানো সবচেয়ে অবিশ্বাস্য মিথ্যা খবরগুলোর একটি বলে উল্লেখ করেন।

শফিকুল আলমের মতে, গ্রামাঞ্চলে এ ধরনের গুজব আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে প্রভাব ফেলছে। নিজের আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আত্মীয়ও শেখ হাসিনা কেন সরাসরি সামনে আসছেন না, তা জানতে চেয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তাদের প্রশ্ন, শেখ হাসিনার কণ্ঠ শোনা গেলেও তাকে দেখা যাচ্ছে না কেন।

তিনি লিখেছেন, আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতা এখন অনেকটাই স্তিমিত। প্রবাসে থাকা দলটির উগ্রপন্থি সমর্থকেরা দেশে অবস্থানরত নেতাকর্মীদের সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানালেও তাদের তৎপরতা মূলত গোপালগঞ্জকেন্দ্রিক। শুরুতে সহিংস কর্মসূচির আহ্বান থাকলেও এখন তা কমে এসেছে।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। তবে পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সেসব চেষ্টা প্রতিহত করেন।

গোপালগঞ্জে কয়েকশ আওয়ামী লীগ সমর্থক মশাল মিছিল করে একটি সড়ক দখলে নেন। সেখানে পুলিশ ও বিজিবির বড় দল উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কঠোর অভিযান চালানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।

শফিকুল আলমের মতে, বিএনপির নেতাকর্মীদের হত্যা এবং দলটির সংসদ সদস্যদের বাড়ি ও থানায় অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে সমালোচনা তৈরি হওয়ায় গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে নতুন করে সহিংসতায় জড়ানোর আগ্রহ কমেছে। বরং অস্থিরতা বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান চালাতে পারে এমন আশঙ্কা করছেন তাদের কেউ কেউ।

তবে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা এখনও ঘটছে বলে দাবি করেছেন তিনি। তার পোস্টে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা এবং কয়েকটি অব্যবহৃত বাসে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা খুব কম বলেও জানান তিনি।

শফিকুল আলমের আশঙ্কা, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও সম্পত্তিতে পালটা হামলা বাড়তে পারে। কয়েকটি জেলায় ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে পালটা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিস্থিতি মোকাবিলায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেছেন শফিকুল আলম। তার দাবি, গোপালগঞ্জে থানায় হামলা এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার পর পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। চাকরি হারানোর আশঙ্কা ও নজরদারির কারণে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় হবেন বলে মনে করেন তিনি।

পুলিশের দুর্বলতাকে আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও মজুরি নিয়েও সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখেছেন শফিকুল আলম। তার মতে, বেতন বৃদ্ধিতে শ্রমিকদের মধ্যে সন্তুষ্টি এসেছে, ফলে আন্দোলনও কমেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হওয়াও আওয়ামী লীগের আন্দোলনের একটি কারণ ছিল বলে মনে করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর জুলাই ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেই দূরত্ব কমেছে বলে তার পর্যবেক্ষণ। তার দাবি, ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে দলগুলো।

ভারতে বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকির বিষয়টিও তুলে ধরেছেন শফিকুল আলম। তার দাবি, অজিত সিংয়ের এ ধরনের হুমকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে। বিশেষ করে ইসলামপন্থি দলগুলো এ ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারে বলে মনে করেন তিনি।

পশ্চিমবঙ্গের বিজেপির এক মন্ত্রী ও তার সহযোগীদের মন্তব্য এবং আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য আওয়ামী লীগের তৃণমূল সমর্থকদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তার মতে, এসব ঘটনা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করছে।

লন্ডন পুলিশের হাতে সুশান্ত দাস গুপ্তের গ্রেপ্তারের ঘটনাকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, সুশান্ত ও তার সহযোগীদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সহিংস কৌশল আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় এসেছে।

শফিকুল আলমের দাবি, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগকে কঠোর অবস্থানের দিকে নিয়ে যাওয়ার পেছনে সুশান্ত এবং দলটির কয়েকজন উগ্রপন্থি নেতার ভূমিকা রয়েছে। যুক্তরাজ্য, ইউরোপের মূল ভূখণ্ড ও উত্তর আমেরিকায় অবস্থান করে তারা দেশে থাকা সমর্থকদের সহিংসতায় উৎসাহিত করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সুশান্ত পরে জামিন পেলেও তার গ্রেপ্তারের ঘটনা আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি পরিচালনায় প্রভাব ফেলেছে বলে মনে করেন শফিকুল আলম।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকেও আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক ভুল হিসেবে দেখছেন তিনি। তার দাবি, দলটির কর্মীরা শতাধিক শাখায় অগ্নিসংযোগ বা হামলা চালিয়েছেন।

এসব ঘটনাকে ‘রাজনৈতিক আত্মহত্যার শামিল’ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মহল নীরব থাকলেও জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো গুরুত্ব দিতে পারে।

শফিকুল আলমের মতে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে অত্যন্ত সম্মানিত। যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সফল হয়েছে। আমেরিকায় নিম্ন আয়ের নারী ও গৃহহীন মানুষকে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে গ্রামীণ। ফলে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকে পশ্চিমা রাজনীতিকেরা দরিদ্র নারীদের পাশাপাশি অধ্যাপক ইউনূসের কাজের ওপর আঘাত হিসেবে দেখতে পারেন বলে তার ধারণা।

এসব হামলার তদন্তের দাবি উঠতে পারে এবং এর দায় শেখ হাসিনার ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আওয়ামী লীগের সামনে বড়জোর দুই মাস সময় রয়েছে বলে মনে করেন শফিকুল আলম। তার বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারির শুরুতে রমজান শুরু হওয়ার আগে শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে হবে দলটিকে। তবে তা কঠিন বলেই মনে করছেন তিনি।

রমজান মাসে দেশের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের গতি তুলনামূলক কম থাকে বলে উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, রমজানের পরও প্রায় এক মাস এর প্রভাব থাকবে। এরপর শুরু হবে বর্ষা।

এদিকে জানুয়ারি থেকে দীর্ঘদিনের অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে ধারণা তার। এ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আবার রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগের বর্তমান তৎপরতা শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভারত সফর করতে পারেন বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, তারেক রহমান ভারত সফরে যেতে আগ্রহী হলেও তা হবে নিজের শর্তে এবং শক্ত অবস্থান থেকে।

শফিকুল আলমের ভাষ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দিতে হলে নয়াদিল্লিকে কিছু বিষয়ে ছাড় দিতে হতে পারে। এর মধ্যে হাদি হত্যাকারীদের হস্তান্তর এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি পুনর্বহালের বিষয় থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকার অনুরোধে ভারত শেখ হাসিনাকেও নীরব থাকতে বলতে পারে বলে ধারণা তার। তবে জুনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে মনে করেন শফিকুল আলম। তার ভাষায়, জুন পর্যন্ত সফরটি হওয়ার সম্ভাবনা নেই, তবে জুনের পর তা হতে পারে।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট