আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক সমঝোতা হয়েছে। তিনি জানান, ত্রয়োদশ সংশোধনীসংক্রান্ত সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত ইতোমধ্যেই বাতিল করেছেন। তাই আইনসভার মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রতিস্থাপন করা হবে। এই ব্যবস্থা ফিরিয়ে আনাই তাদের প্রধান আন্দোলন ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং ইনশাআল্লাহ সংবিধান সংশোধনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।
এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন (বন্দি প্রত্যর্পণ) চুক্তির আওতায় ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যেই একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অপশক্তিগুলো বাংলাদেশে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে অস্থিরতা তৈরি করতে চায়। তবে সরকার কোনো অবস্থাতেই কোনো পলাতক শক্তিকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ দেবে না।


-3e4e7f.jpg)
