হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি ১০০২ জনে পৌঁছেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৮টি শিশু। ৬৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১১৯ জন।
আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৯টি শিশু।
প্রতিবেদনে জানানো হয়েছে, সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু হওয়া ১০০২ শিশুর মধ্যে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯০২ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


