logo
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সামনে কথা বলছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজনকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

গুরুতর অসুস্থ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়।

চারজন রোগীকে ক্রিটিক্যাল কেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। এ ছাড়া কয়েকজনের চোখেও আগুনের তাপে ক্ষত সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞকে চিকিৎসক দলে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা এবং পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় আরও কোনো রোগীকে ছাড়পত্র দেওয়া সম্ভব কি না, তা নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছিলেন। তাদের অনেকেই বর্তমানে সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এ ছাড়া যারা বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তাদেরও পর্যায়ক্রমে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।